১২ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:ফ্যামিলি কার্ড| |ক্রেডিট : ইন্টারনেট
সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পরিবারের প্রধান নারী সদস্যকে মাসিক আড়াই হাজার টাকা ভাতা দেওয়া হবে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। অর্থমন্ত্রী জানান, সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে এবং ইতোমধ্যে পাইলট প্রকল্প বাস্তবায়ন চলছে। ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে দেশের সব অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেট বক্তৃতায় প্রবীণ নাগরিকদের জন্যও বেশ কিছু সুবিধার ঘোষণা দেওয়া হয়। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ট্রেনে বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার উপকারভোগীকে প্রতি মাসে ৮৫০ টাকা করে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটে আয় ও ব্যয়ের ব্যবধান পূরণে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রাখা হয়েছে।
মন্তব্য:০