১ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোরনো রাজ্যে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সশস্ত্র হামলার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। হামলার ঘটনায় এক সেনাসদস্য, এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর সদস্যরা হামলা চালায়। দীর্ঘদিন ধরেই লাসা ও আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার পর অন্তত ৩৭ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় একজন সেনাসদস্য, একজন শিক্ষক এবং আরও একজন নিহত হয়েছেন। একই সঙ্গে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে একজন শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় সরকার কাউন্সিলর ইজাগলা ইজাবিলা নিখোঁজ শিক্ষার্থীদের একটি তালিকা সাংবাদিকদের কাছে হস্তান্তর করেছেন। একটি গোয়েন্দা সূত্রও তালিকার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি। অন্যদিকে রয়টার্স জানায়, বোরনো রাজ্যের শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে বলেছেন, সশস্ত্র গোষ্ঠীর হাতে এখনও ২৫ জন ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক আটক রয়েছেন। তবে স্কুলের উপাধ্যক্ষসহ আটজনকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, মুক্তিপণের উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও শিক্ষার্থী অপহরণ নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম কৌশলে পরিণত হয়েছে। বিশেষ করে সংঘাতপ্রবণ এলাকাগুলোতে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। ২০১৪ সালে বোকো হারামের সদস্যরা বোরনো রাজ্যের চিবোক শহর থেকে শত শত স্কুলছাত্রীকে অপহরণ করেছিল। আন্তর্জাতিকভাবে আলোচিত সেই ঘটনার পর দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা ও অপহরণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সম্প্রতি গত মে মাসেও বোরনো রাজ্যের মুসা গ্রাম থেকে ৪০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এছাড়া একই সময়ে ওয়ো রাজ্যের তিনটি স্কুল থেকেও কয়েক ডজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ২০০৯ সাল থেকে নাইজেরিয়া সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি। কয়েক বছর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত বছর থেকে দেশটির উত্তরাঞ্চলে আবারও সহিংস হামলার সংখ্যা বাড়তে শুরু করেছে। সূত্র: আল জাজিরা, এএফপি ও রয়টার্স।
মন্তব্য:০