শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২১ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:মন্ত্রিসভায় আসছেন মঈন খান-পার্থসহ চার নতুন মুখ| |ক্রেডিট : ইন্টারনেট

মন্ত্রিসভায় আসছেন মঈন খান-পার্থসহ চার নতুন মুখ

রাষ্ট্রপতি নির্বাচনের পর এবার সরকারের মন্ত্রিসভায় সম্প্রসারণের পালা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় চার নতুন সদস্য অন্তর্ভুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরই তাদের শপথ পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তবে মন্ত্রিসভার সম্প্রসারণ এখানেই শেষ হচ্ছে না বলে আভাস দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন আনার বিষয়েও আলোচনা চলছে। সম্ভাব্য রদবদরের মধ্যে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নাম রয়েছে। চার নতুন মন্ত্রীর শপথের পাশাপাশি আজ বঙ্গভবনে অনুষ্ঠিত হবে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াত হবে। রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশের পর নির্ধারিত আনুষ্ঠানিকতা অনুসরণ করে শপথ পাঠ করানো হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পেছনে রয়েছে বৃহস্পতিবারের সংসদীয় ভোট। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট গণনা করা হয়। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দীন। পরে রাতে ফলাফলের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। প্রায় সাড়ে তিন দশক পর এবার ফের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





মন্তব্য