২২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক

চিত্র:ছবি:মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জ্বালানির দামে ঊর্ধ্বগতি| |ক্রেডিট : ইন্টারনেট
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা সৃষ্টি করেছে। সামরিক হামলা-পাল্টা হামলার ধারাবাহিকতায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার অতিক্রম করেছে, আর ডব্লিউটিআই তেলের দামও ৮৫ ডলারের ওপরে অবস্থান করছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাজার পরিস্থিতি অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছায়। শতাংশের হিসাবে এ বৃদ্ধি প্রায় ১ দশমিক ১ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ও পশ্চিম ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরানও বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানে। এই পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভূরাজনৈতিক ঝুঁকি যত বাড়ছে, তেলের দামের ওপর ততই ঊর্ধ্বমুখী চাপ তৈরি হচ্ছে। সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় বিনিয়োগকারীরা আগাম অবস্থান নেওয়ায় মূল্যবৃদ্ধির প্রবণতা আরও জোরালো হয়েছে। এর আগে মঙ্গলবারের লেনদেনেও ব্রেন্ট ক্রুড পাঁচ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০১ ডলারে স্থিত হয়। একই দিনে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯১ ডলারে লেনদেন শেষ করে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে এবং তেলের দাম নতুন উচ্চতায় পৌঁছানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র: রয়টার্স
মন্তব্য:০