শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:ফাইল ছবি| |ক্রেডিট : ইন্টারনেট

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা এবং ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় বুধবার (৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম তিন শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে, যা গত ২৩ জুনের পর সর্বোচ্চ অবস্থান। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুদ্ধ-পরবর্তী স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করা তেলের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে এশিয়ার শেয়ারবাজারেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। টোকিও ও সিউলের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হলেও তাইপে ও হংকংয়ের বাজারে সূচক ঊর্ধ্বমুখী ছিল। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জ্বালানি বাজারের অস্থিরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও সৌদি আরব। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সঙ্গে ইরানি তেল রপ্তানির ক্ষেত্রে দেওয়া ৬০ দিনের নিষেধাজ্ঞা-ছাড়ও প্রত্যাহার করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরান সরাসরি হামলার দায় স্বীকার না করলেও দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অস্ট্রেলিয়ার আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বিরোধ এখনো নিরসন হয়নি। সাম্প্রতিক সামরিক হামলার পর পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। এমএসটি ফাইন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভোনিকের মতে, হরমুজ প্রণালিতে ঝুঁকি এবং বৈশ্বিক জরুরি তেল মজুত কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কিছু সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি প্রণালির ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে। সূত্র: আলজাজিরা।





মন্তব্য