শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।| |ক্রেডিট : ইন্টারনেট

মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বৈশ্বিক অস্থিতিশীলতার অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে উল্লেখ করে অঞ্চলটির সব সংঘাতপূর্ণ ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। শনিবার (১ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রপথে বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে, খাদ্য ও কৃষিতে ব্যবহৃত সারের দাম বেড়েছে এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্বের বহু দেশ অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মূল্যস্ফীতি, সরবরাহ সংকট এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি আরও বাড়বে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারে। পাশাপাশি মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের কারণে আরও লাখ লাখ মানুষ পুনরায় দারিদ্র্যের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। গাজা পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, হামাসের অস্ত্র ত্যাগ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র ঘোষিত চুক্তি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। তিনি একে ‘ভালো খবর’ আখ্যায়িত করে সংশ্লিষ্ট সব পক্ষকে সমঝোতার পথ অনুসরণ করার আহ্বান জানান। গুতেরেস বলেন, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি রূপরেখা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এখন প্রয়োজন কোনো ধরনের সংশয়, বিলম্ব বা তা ভণ্ডুলের চেষ্টা না করে উভয় পক্ষের সম্মত শর্তগুলো বাস্তবায়ন করা। তার ভাষায়, শান্তি প্রতিষ্ঠার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময়। পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও মানবিক পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠতে পারে। এ অবস্থায় জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক উদ্যোগ জোরদার করে দ্রুত সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স।





মন্তব্য