৬ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক

চিত্র:আটক অভিবাসি| |ক্রেডিট : ইন্টারনেট
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি নৈশবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২০০ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয়দের অভিযোগের পর প্রায় দুই সপ্তাহ নজরদারি শেষে রোববার পরিচালিত এ অভিযানে বিপুল সংখ্যক অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। কুয়ালালামপুর ও পুত্রাজায়া অভিবাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহায়তায় ‘অপ কুতিপ’ নামে অভিযানটি পরিচালিত হয়। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিযানে মোট ৫০০ জনের পরিচয় ও নথিপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪০৭ জন বিদেশি এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। যাচাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় ২০০ বিদেশিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ৭৫ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক। রোববার সন্ধ্যায় অভিযান শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অনেক বিদেশি পালানোর চেষ্টা করেন। কেউ আশপাশে লুকিয়ে পড়লেও আগে থেকেই নজরদারিতে থাকা কর্মকর্তারা তাদের আটক করেন। অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং অভিবাসন পাসের শর্ত ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। হামশাহ ইনজাউ বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে রাজধানীর অন্যান্য নৈশবাজারেও একই ধরনের অভিযান চালানো হবে এবং অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ দেওয়া নিয়োগকর্তা, ব্যবসায়ী, দালাল ও সিন্ডিকেটের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিবাসন-সংক্রান্ত অপরাধের তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সূত্র: মালয় মেইল।
মন্তব্য:০