১৯ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে যাত্রার সময় তাদের উদ্ধার অথবা আটক করা হয়। পরে তাদের লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন ধরে মানবেতর পরিবেশে বন্দিজীবন কাটাতে হয়েছে তাদের। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতায় সর্বশেষ ১৭৪ জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের বিষয়ে নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসনের কার্যক্রম চলমান রয়েছে। এসব কেন্দ্রে এখনো যারা আটক রয়েছেন, তাদেরও পর্যায়ক্রমে নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে। এর আগে গত ৭ আগস্ট একই প্রক্রিয়ায় লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছিল। সর্বশেষ ১৭৪ জনকে নিয়ে চলতি আগস্ট মাসে লিবিয়া থেকে মোট ৫১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদিকে, বাংলাদেশ দূতাবাস বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে সরকারি অনুমোদিত ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ এবং নিরাপদ অভিবাসনপথ বেছে নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে দূতাবাস। সূত্র: বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।
মন্তব্য:০