৫ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
প্রখ্যাত লেখক, গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, দুপুরে মিরপুর এলাকায় একটি রেস্টুরেন্টে খাবার গ্রহণের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক ফজলুল হকের মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দাফন ও জানাজা সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলে পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের এই শিক্ষক বাংলা ভাষা, সাহিত্য সমালোচনা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন সময়ে সোচ্চার ভূমিকা পালন করেন। তার সম্পাদিত সাময়িকপত্র ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ বাংলা সাহিত্য অঙ্গনে পরিচিত নাম। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথা। পাশাপাশি তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ সম্পাদনাও করেছেন। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জন্ম নেওয়া এই শিক্ষাবিদ জীবদ্দশায় দুই সন্তানের জনক ছিলেন। তার ছেলে ফয়সাল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন, যিনি ২০১৫ সালে নিহত হন। ২০২৪ সালের অক্টোবরে তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
মন্তব্য:০