২৯ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপর| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পানির উচ্চতা বাড়তে থাকায় নদীসংলগ্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে ফসলি জমি প্লাবিত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টার তথ্য অনুযায়ী, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২৫ মিটার। সেখানে নির্ধারিত বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানান, সকাল থেকেই নদীর পানি দ্রুত বাড়তে থাকে। উজানের প্রবল ঢলের সঙ্গে টানা বর্ষণের প্রভাবে তিস্তার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নভূমির কৃষিজমি পানিতে ডুবে যায়। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পানির উচ্চতা বৃদ্ধির ফলে হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ৮ থেকে ১০টি চর ও নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। পরিস্থিতির অবনতি হলে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তিস্তা ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, উজানের ঢলের কারণে নদীর পানির প্রবাহ দ্রুত বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সব মিলিয়ে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় জানান, তিস্তার পানির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। সূত্র: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র।
মন্তব্য:০