৪ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:ঘটনার সিসিটিভি ফুটেজ| |ক্রেডিট : ইন্টারনেট
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে যৌন নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিও বিশ্লেষণ করে একজনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কনফেকশনারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে কয়েকদিন পর শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীর কাছে যান। পরে তার বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও সংগ্রহ করে পুলিশ তা বিশ্লেষণ করেছে। তদন্তের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা খোকন (৫০)-কে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ভিডিওটি সামনে আসার পরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত পরিস্থিতি উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্তব্য:০