৮ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:করাচিগামী কার্গো বিমান নিখোঁজ| |ক্রেডিট : ইন্টারনেট
সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে উড্ডয়ন করা একটি কার্গো বিমান আরব সাগরের আকাশে নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তাদের সন্ধানে সমুদ্রে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে জানায়, কে-২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটি শারজাহ থেকে করাচির উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের একপর্যায়ে স্থানীয় সময় রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে বিমানটি রাডারের নজর থেকে হারিয়ে যায়। বিবৃতিতে আরও বলা হয়, রাত ৯টা ২১ মিনিটে রাডারে বিমানটির দ্রুত উচ্চতা কমে যাওয়ার পাশাপাশি আকস্মিকভাবে গতিপথ পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ এবং রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ বিমানটির সম্ভাব্য অবস্থান নির্ণয় এবং পাঁচজন ক্রুর সন্ধানে সমুদ্র এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, বিমানটিতে থাকা পাঁচজনই ক্রু সদস্য। তবে তাদের পরিচয় বা নিখোঁজ হওয়ার পেছনের সম্ভাব্য কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য:০