২৪ অক্টোবর, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:প্রতীকী ছবি| |ক্রেডিট : ইন্টারনেট
জাতীয় রাজস্ব বাজেটের ওপর ক্রমবর্ধমান ব্যয়ের চাপ লাঘব করতে সরকারি কর্মচারীদের বিদ্যমান পেনশন নীতিতে কাঠামোগত পরিবর্তনের ডাক দিয়েছে জাতীয় বেতন কমিশন। কমিশনের পূর্বাভাস অনুযায়ী, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে ২০২৯-৩০ অর্থবছরে পেনশন বাবদ সরকারের বার্ষিক ব্যয় বেড়ে ৫০ হাজার ৬৮৪ কোটি টাকায় পৌঁছাবে, যা বর্তমান ব্যয়ের দ্বিগুণেরও বেশি। কমিশনের বিশ্লেষণে দেখা যায়, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় এখন অবসরপ্রাপ্তরা দীর্ঘ দুই দশক বা তার বেশি সময় ধরে পেনশন সুবিধা গ্রহণ করছেন। পাশাপাশি বছরে গড়ে ৪.৫ শতাংশ হারে পেনশনারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত অর্থবছরে যেখানে সরকারের সার্বিক ব্যয় ছিল প্রায় ২৪ হাজার ৬৭০ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ১৬ হাজার পেনশনভোগীর পেছনেই ব্যয় হবে ৩৪ হাজার ৬২৯ কোটি টাকা। ২০২৯-৩০ নাগাদ উপকারভোগীর সংখ্যা সাড়ে ১০ লাখ ছাড়িয়ে গেলে একক অর্থায়নে এ ব্যবস্থা পরিচালনা করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। বর্তমানে সরকারি কর্মচারীদের পাশাপাশি ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৯০টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও কোনো ধরনের নিজস্ব আর্থিক অবদান ছাড়াই মূল বেতনের ৯০ শতাংশ হারে আজীবন মাসিক পেনশন পাচ্ছেন। এই বিশাল দায় লাঘবে বিশ্বমানের অনুসরণে ‘কনট্রিবিউটরি’ বা চাঁদাভিত্তিক ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই বলে মত দিয়েছে কমিশন। ভারত (কর্মচারী ১০%, সরকার ১২-১৪%), পাকিস্তান (১০% ও ১২%) ও শ্রীলঙ্কার (৮% ও ১২%) দৃষ্টান্ত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৩০ বছরের চাকরিজীবনে জমানো অর্থ দিয়ে গঠিত শক্তিশালী তহবিল পুঁজিবাজার ও জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি হতে পারে। উল্লেখ্য, বাধ্যতামূলক ১২ শতাংশ চাঁদার কারণে ২০২৫ সালে অস্ট্রেলিয়ার পেনশন তহবিলের আকার দাঁড়ায় ৪.৩৩ ট্রিলিয়ন অস্ট্রেলীয় ডলারে। কমিশন আরও উল্লেখ করেছে, ২০২৩ সালে সর্বজনীন ব্যবস্থার আওতায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উদ্যোগ নেওয়া হলেও সরকারি চাকরিজীবীদের বাইরে রাখা এবং অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত সংলাপ না করায় তা বাধার মুখে পড়ে। সেই ত্রুটি কাটিয়ে এবার সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন নিয়োগপ্রাপ্ত সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সমপরিমাণ সরকারি অনুদানযুক্ত বাধ্যতামূলক চাঁদাভিত্তিক স্কিম চালুর সুপারিশ করা হয়েছে। এই অর্থ নিরাপদ সরকারি সিকিউরিটিজ, বন্ড ও লাভজনক খাতে বিনিয়োগ করে তহবিলটিকে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ করতে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিধি আরও বিস্তৃত করার দিকনির্দেশনা দিয়েছে কমিশন। সূত্র: দ্য ডেইলি স্টার
মন্তব্য:০