শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:বহুমূল্য খনিজ, আবুজার কাছে ৩৩ লাখ টন লিথিয়াম—নতুন সম্ভাবনায় নাইজেরিয়া| |ক্রেডিট : ইন্টারনেট

খনিজ সম্পদের বড় আবিষ্কার, বৈশ্বিক বিনিয়োগের নতুন গন্তব্য হতে পারে নাইজেরিয়া

বহুমূল্য খনিজ সম্পদের বড় আবিষ্কারের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলেছে নাইজেরিয়া। দেশটির কাডুনা রাজ্যে বিশ্বমানের একটি বহুধাতব খনিজ অঞ্চল শনাক্ত হওয়ার পাশাপাশি আবুজার নিকটবর্তী একটি প্রকল্পে প্রায় ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম মজুদের তথ্য প্রকাশ করা হয়েছে। এই ঘোষণা দেওয়া হয় আবুজায় অনুষ্ঠিত ‘আফ্রিকান ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট সামিট-২০২৬’-এ। সরকারের আশা, এই আবিষ্কার দেশের অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে খনিজভিত্তিক শিল্পের বিকাশে নতুন গতি দেবে। নাইজেরিয়ার কঠিন খনিজ উন্নয়নবিষয়ক মন্ত্রী ডেলে আলাকে বলেন, কাডুনার খনিজ অঞ্চল দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তার মতে, পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি ও আধুনিক শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নাইজেরিয়া এখন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সির যাচাই করা তথ্যে দেখা গেছে, নতুন খনিজ অঞ্চলে প্লাটিনাম গ্রুপের ধাতু, সোনা, নিকেল, তামা, লিথিয়াম এবং বিরল ধাতুর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান স্টেরন মাইনিং এবং সরকারি ভূতাত্ত্বিক সংস্থার যৌথ অনুসন্ধানের মাধ্যমে এই সাফল্য আসে। একই সঙ্গে স্টেরন মাইনিং নিশ্চিত করেছে যে, আবুজা খনি প্রকল্পে প্রায় ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম রিজার্ভ চিহ্নিত হয়েছে। বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো, সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা শিল্পে লিথিয়াম, নিকেল এবং প্লাটিনামের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে এই আবিষ্কার আন্তর্জাতিক খনিজ কোম্পানি ও বিনিয়োগকারীদের কাছে নাইজেরিয়াকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে দেশটির বিপুল খনিজ সম্পদ পর্যাপ্তভাবে কাজে লাগানো হয়নি। নতুন খনিগুলোর সফল বাণিজ্যিক উন্নয়ন সম্ভব হলে নাইজেরিয়ার জিডিপিতে খনিজ খাতের অবদান উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আফ্রিকার অন্যতম বৃহৎ অর্থনীতি হিসেবে দেশটির প্রবৃদ্ধিতে নতুন গতি আসবে। একই সঙ্গে বৈশ্বিক গুরুত্বপূর্ণ খনিজের অন্যতম সরবরাহকারী হিসেবে নাইজেরিয়া আত্মপ্রকাশের সুযোগ পাবে। সূত্র: বিজনেস ইনসাইডার আফ্রিকা।





মন্তব্য