১ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:শুক্রবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন ।| |ক্রেডিট : ইন্টারনেট
রাজধানীর অদূরে কেরানীগঞ্জে ইয়াবা উৎপাদনের একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১০। সেখানে পরিচালিত অভিযানে ইয়াবা, মাদক তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চারজনকে আটক করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব। শুক্রবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই কারখানাটি শনাক্ত করা হয়। অভিযানে মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৯৬৮টি ইয়াবা, উৎপাদনে ব্যবহৃত পাউডারজাতীয় কাঁচামাল, বিভিন্ন যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রায় দুই বছর ধরে ইয়াবা তৈরি করে রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকটি সম্ভাব্য উৎপাদন কেন্দ্রের খোঁজ পাওয়া গেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাব-১০-এর অধিনায়ক বলেন, ইয়াবা তৈরির জন্য ব্যবহৃত কাঁচামালগুলো শিল্পক্ষেত্রে বৈধভাবে ব্যবহৃত হয়। তবে এই চক্র সেগুলো অপব্যবহার করে মাদক উৎপাদন করছিল। কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্ক কীভাবে পরিচালিত হতো, তা জানতে আটক ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। র্যাব আরও জানায়, আটক আলমগীরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তদন্তে জানা গেছে, চক্রটি কামরাঙ্গীরচর, পুরান ঢাকা এবং আশপাশের এলাকায় তাদের মাদক ব্যবসার বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করত। পুরো চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। সূত্র: র্যাব-১০ সংবাদ ব্রিফিং
মন্তব্য:০