শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৩০ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্মের উদ্যোগে দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভা| |ক্রেডিট : ইন্টারনেট

কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করছে সরকার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শারীরিক কিংবা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হতে পারে না। প্রতিটি শিশুর মেধা, সৃজনশীলতা ও সক্ষমতার বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সবাই সমান সুযোগ পাবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্মের উদ্যোগে দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের মূল ভিত্তি হলো অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন এবং নিজের প্রতি অটুট বিশ্বাস। শিক্ষার্থীরা যদি নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যায়, তবে ভবিষ্যতে তারা চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদেও অধিষ্ঠিত হতে সক্ষম হবে। স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প ও ধারাবাহিক প্রচেষ্টা। তিনি বলেন, আয়েশার জীবনসংগ্রাম প্রমাণ করে যে প্রবল মানসিক শক্তি ও আত্মবিশ্বাস থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। তবে সরকার চায় না, এমন সাফল্য শুধু একজনের গল্প হয়ে থাকুক। বাংলাদেশের প্রতিটি শিশু যেন নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সে জন্য রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ববি হাজ্জাজ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে অন্তর্ভুক্তি, সমতা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো শিশুই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং প্রত্যেকে নিজের যোগ্যতা বিকাশের সুযোগ পায়—এটাই সরকারের অঙ্গীকার। অনুষ্ঠানে তিনি জানতে পারেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সিদ্ধান্ত মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুই হাতহীন হলেও অদম্য মনোবল ও অসাধারণ মেধার জোরে জীবনের নানা বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া তরুণী আয়েশার সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়েই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’, যা সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব নতুন করে তুলে ধরে। সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।





মন্তব্য