শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ইনুর ১০ বছরের সাজা

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা ও বলপ্রয়োগে উসকানি দেওয়া, প্রশাসনকে নির্দেশনা দেওয়া, তৎকালীন সরকারের দমনমূলক সিদ্ধান্তে সম্পৃক্ত থাকা এবং কুষ্টিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউশন জানায়, তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ৩৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। এতে ২০ জন সাক্ষী এবং আটটি নির্দিষ্ট অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের পক্ষে তদন্ত কর্মকর্তা, বিশেষজ্ঞ, ভুক্তভোগী পরিবারের সদস্যসহ মোট ১০ জন সাক্ষ্য দেন। পাশাপাশি বিভিন্ন নথি, অডিও ট্রান্সক্রিপ্ট, আলামত ও অন্যান্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ দুইজন সাফাই সাক্ষী হাজির করে এবং ইনু নিজেও লিখিত বক্তব্যে সব অভিযোগ অস্বীকার করেন। নিজের বক্তব্যে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। পুনর্তদন্ত ও অতিরিক্ত সাক্ষী তলবের আবেদনও করেছিলেন, তবে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ২২ জুন মামলাটি রায়ের জন্য নির্ধারণ করা হয়। মঙ্গলবার সেই রায়ে ট্রাইব্যুনাল ইনুকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন। হাসানুল হক ইনু ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পরাজিত হন। সূত্র: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আদালত সংশ্লিষ্ট সূত্র।





মন্তব্য