১৬ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন| |ক্রেডিট : ইন্টারনেট
রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে টেকসই উন্নয়ন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মানুষের প্রতি শতভাগ দায়বদ্ধ। তাই উন্নয়নের জন্য জনগণকে দাবি জানাতে হবে না; দায়িত্ববোধ থেকেই প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় অবকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে। বুধবার (১৫ জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরিদর্শনের সময় বাঘাইছড়ির বারোবিন্দু ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত পুনর্নির্মাণ, প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ এবং দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে নদীভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর প্রকল্প গ্রহণের আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার অঞ্চলটির প্রতিটি উপজেলায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। পর্যায়ক্রমে আধুনিক ভূমি অফিস এবং ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়া বাঘাইছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, অপরিকল্পিত বসতি নির্মাণ, খাল-বিল ভরাট, প্রয়োজনের অতিরিক্ত কালভার্ট নির্মাণ এবং পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বাড়ছে। পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই কাজ করছে। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের তৎপরতার প্রশংসা করে তিনি জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার ৮৩৪ জন মানুষের কাছে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণে বাঘাইছড়ি উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সড়ক, কালভার্ট, কৃষিজমি, মাছের ঘের, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শত শত বসতঘর ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সূত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
মন্তব্য:০