১১ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:প্রতীকী ছবি| |ক্রেডিট : ইন্টারনেট
সরকারি স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে উন্নত চিকিৎসাসেবা রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়া। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তোলা হবে, যাতে গ্রামের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকায় ছুটে আসতে না হয়। তিনি জানান, বর্তমানে উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলো ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল বৃদ্ধি করা হবে। তারেক রহমান সিনিয়র চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের নিয়মিত প্রান্তিক এলাকায় গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া উচিত। এতে রাজধানীর ওপর চাপ কমবে এবং স্থানীয় জনগণ নিজ এলাকায় উন্নত চিকিৎসার সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা জোরদার করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সূত্র: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য
মন্তব্য:০