৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সৌদি আরব, শেহবাজ শরিফের পাকিস্তান এবং এরদোয়ানের তুরস্ক একটি প্রতিরক্ষা জোটের সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে।| |ক্রেডিট : ছবি: কোলাজ ইত্তেফাক
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় এ ত্রিপক্ষীয় চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে তিন দেশ দীর্ঘদিন ধরেই একটি সমন্বিত সামরিক কাঠামো গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্রুত পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। একটি সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা নতুন নয়; বরং বহুদিন ধরে বিষয়টি আলোচনার টেবিলে ছিল। তবে সাম্প্রতিক সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা এ উদ্যোগকে দ্রুত বাস্তবায়নের দিকে নিয়ে এসেছে। জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সমন্বয় এবং সম্ভাব্য যৌথ সামরিক উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। যদিও চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিবেশে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: মিডল ইস্ট আই।
মন্তব্য:০