২ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:তারেক রহমান-জাপানি প্রতিনিধিদল বৈঠক| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে বিদ্যমান ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার করার বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছে জাপান। বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্টসহ জাপানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। আলোচনায় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে আর্থিক সহায়তা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়। এ সময় জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিভিন্ন এমআরটি লাইন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তৃতীয় টার্মিনালের কাজ শেষ করে উদ্বোধন করা সম্ভব হবে। বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের বিষয়ে উভয় দেশ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে জাপান বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি প্যাট্রল বোট দেওয়ার সিদ্ধান্তের কথাও জানায়। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে জাপানের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে জাপানি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে জাপান সফরে যাওয়ার আগ্রহের কথা জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধিদলে রাষ্ট্রদূত সাইদা শিনিচি, হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো ও জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো অংশ নেন। সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।
মন্তব্য:০