১৮ জুন, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদার, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নারীদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের বিভিন্ন ফোরামে বক্তব্য দিতে গিয়ে এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ইকোসকের ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিয়ে তিনি মানবিক মূল্যবোধের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পরবর্তীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে নারীদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী সদস্যদের অবদানের প্রশংসা করে বলেন, তাঁদের নেতৃত্ব ও পেশাদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধির জন্য বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। বক্তব্যে প্রতিমন্ত্রী সংঘাতকবলিত অঞ্চলে নারী ও শিশুদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মানবিক সহায়তার ক্রমবর্ধমান অর্থায়ন ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। আগামী ১৮ জুন ইকোসকের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ।
মন্তব্য:০