৩ মে, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ন্যাটোতে উদ্বেগ| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
জার্মানি থেকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে ন্যাটো জোট ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ট্রান্স-আটলান্টিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটনের এ পদক্ষেপ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ন্যাটো জানিয়েছে, জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি সংক্রান্ত সিদ্ধান্তের বিস্তারিত বুঝতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, এই পরিবর্তন ইউরোপীয় দেশগুলোর জন্য নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে সামনে এনে দিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। বর্তমানে জার্মানিতে ৩৬ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক উপস্থিতি। এদিকে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতারা এই সিদ্ধান্ত নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন। সিনেটর রজার উইকার ও প্রতিনিধি মাইক রজার্স এক যৌথ বিবৃতিতে বলেন, এমন পদক্ষেপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ভুল বার্তা পাঠাতে পারে। তাদের মতে, ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও তা কার্যকর সামরিক সক্ষমতায় রূপ নিতে সময় লাগবে। একই সঙ্গে তারা উল্লেখ করেন, জার্মানি সম্প্রতি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছে এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সামরিক সহযোগিতাও দিয়েছে। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইউরোপীয় দেশগুলোর ওপর নিজেদের নিরাপত্তা ব্যয় বাড়ানোর চাপ দিয়ে আসছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইতালি ও স্পেন থেকেও মার্কিন সেনা কমানো হতে পারে।
মন্তব্য:০