শিরোনাম
নেপালের ভয়াবহ বন্যায় ৫ হাজারের বেশি নিখোঁজ, মৃত্যু সনদ না পাওয়ায় বিপাকে পরিবার *** রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী *** শর্তহীন আলোচনায় বসতে প্রস্তুত পিটিআই, লংমার্চ চলবে ইমরানের সিদ্ধান্তে *** রুশ হামলায় কাঁপল ইউক্রেন, ক্ষেপণাস্ত্র-ড্রোনে নিহত ২৮ *** ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক, দুই ঘণ্টা পর মুক্ত ***




↠মিজানুর রহমান সুমন


৫ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি › মাসুদ খলিল,কাউন্সিলর, স্টেট নির্বাচন

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

জাঁকজমকপূর্ণ আয়োজনে এনএসডাব্লিউ রাজ্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন কাউন্সিলর মাসুদ খলিল

​ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ) রাজ্য সংসদ নির্বাচনে ম্যাকুয়ারি ফিল্ডস আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের জনপ্রিয় কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ (কাউন্সিলর মাসুদ খলিল)। ​শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়েস্টার্ন সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় অবস্থিত রন মুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য সুধী সমাবেশের মধ্য দিয়ে তিনি তাঁর এ প্রার্থিতা ঘোষণা করেন। আগামী ২০২৭ সালের মার্চ মাসে নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ​ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের আরেকজন জনপ্রিয় কাউন্সিলর খালেদ হালাবির প্রাঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর নাগরিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ লোকাল কমিউনিটির সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানে সিডনির প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে অন্যান্য বিশিষ্টজনদের সাথে সিডনি বাংলা নিউজের পক্ষ থেকে সরাসরি উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান সুমন। এছাড়াও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন, সাংবাদিক মাসুম বিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক শিবলী সোহায়েল এবং সাংবাদিক রাশেদ শ্রাবণসহ আরও অনেকে। ​সুধী সমাবেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে কাউন্সিলর মাসুদ খলিল বলেন, "অস্ট্রেলিয়ার রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি বড় রাজনৈতিক দলের হাতে পুঞ্জীভূত হয়ে আছে। সময়ের পরিক্রমায় এই বড় দলগুলো সাধারণ মানুষের রায় ও ভোটকে তাদের স্বাভাবিক প্রাপ্য বিষয় হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। যার ফলে জনগণের প্রাপ্য প্রকৃত সেবার দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে দলগুলো নিজেদের দলীয় স্বার্থ রক্ষার্থেই বেশি ব্যস্ত থাকছে।" ​তিনি আরও জানান, তাঁর স্থানীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া’র আদর্শকে ধারণ করে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সরাসরি রাজ্য সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চান। নির্বাচিত হতে পারলে তিনি বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে লোকাল কমিউনিটির মানুষের সর্বোচ্চ সেবা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেন। ​উল্লেখ্য, ম্যাকুয়ারি ফিল্ডস আসনটি ক্যাম্পবেলটাউন, মিনতো, ইংগেলবার্ন ও গ্লেনফিল্ডসহ গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে গঠিত, যেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের বসবাস। বহুমাত্রিক সংস্কৃতির দেশ অস্ট্রেলিয়ায় রাজ্য ও ফেডারেল পর্যায়ে বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রাজ্য বা ফেডারেল সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেননি। ফলে কাউন্সিলর মাসুদ খলিলের এই প্রার্থিতা মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার এক উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ​অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার রাজনীতিতে বাংলাদেশিদের মধ্যে মাসুদ খলিলই সর্বপ্রথম কোনো সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে তিনি ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। বিশেষ করে কোভিড মহামারির চরম সংকটের সময় সিডনিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে তাঁর সংগঠন ও তিনি স্থানীয় সরকার ও প্রশাসনের উচ্চপর্যায়ে বিশেষ সম্মাননা ও প্রশংসা লাভ করেন। ​ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সাবেক এই কৃতি শিক্ষার্থী দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে সিডনিতে লোকাল কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ​অনুষ্ঠানের শেষভাগে কাউন্সিলর মাসুদ খলিল ম্যাকুয়ারি ফিল্ডসের বাংলাদেশি কমিউনিটিসহ সকল ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের কাছে আন্তরিক দোয়া, আশীর্বাদ ও পূর্ণ সমর্থন কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লোকাল কমিউনিটির সকল মানুষ ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ালে এই আসনে সাধারণ মানুষের জয় নিশ্চিত করা সম্ভব হবে।





মন্তব্য