১৫ মে, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:জাতিসংঘের একটি ত্রাণবাহী গাড়িবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
ইউক্রেনের খেরসন অঞ্চলে জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহরকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সাধারণ মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়ে গাড়িগুলো। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছিল। পরে একই এলাকায় দ্বিতীয় দফায় আরও একটি ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনার মধ্যেই ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক আকাশ হামলা অব্যাহত রয়েছে। বুধবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে কাজ করছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এত বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা খুব কমই দেখা গেছে। গত দুই দিনে বিভিন্ন শহরে শত শত আকাশ হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
মন্তব্য:০