১৮ মে, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:ইসরাইলে মার্কিন সামরিক কার্গো বিমান| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
জার্মানির সামরিক ঘাঁটি থেকে গোলাবারুদ বহনকারী মার্কিন কার্গো বিমানের একাধিক চালান ইসরাইলে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১৩’। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবেই এসব সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী কয়েকটি বিমান তেল আবিবে অবতরণ করেছে। এসব সরঞ্জাম সেনাবাহিনীর কার্যক্রম ও প্রস্তুতি আরও জোরদারে ব্যবহৃত হবে বলে জানিয়েছে তারা। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরান মনে করছে যুক্তরাষ্ট্র চাপের মুখে নতি স্বীকার করবে, তবে ওয়াশিংটন ‘পূর্ণাঙ্গ বিজয়ের’ লক্ষ্য নিয়েই এগোচ্ছে। ট্রাম্পের অভিযোগ, আলোচনায় অগ্রগতি হওয়ার পরও ইরানের নেতারা অবস্থান বদলে ফেলেছেন। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রস্তাব মেনে নিতে ইরানের সামরিক বাহিনীর অনাগ্রহের কারণেই সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। তিনি আরও মন্তব্য করেন, বিদ্যমান যুদ্ধবিরতি এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় তা ভেঙে যেতে পারে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, তেহরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে না। বরং আলোচনায় ইরানের স্বার্থ ও অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, সামরিক সরঞ্জাম পাঠানো এবং পাল্টাপাল্টি কড়া বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।
মন্তব্য:০