১৩ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক › কূটনৈতিক

চিত্র:ইরান সংকটে জোর চীন-পাকিস্তানের| |ক্রেডিট : সিসিটিভি
ইরান ইস্যুতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, এই অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে যাওয়া থেকে ঠেকাতে হলে সামরিক পদক্ষেপ থামানোই এখন একমাত্র চাবিকাঠি। মঙ্গলবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, উপসাগরীয় দেশগুলোর ওপর কোনো ধরনের আক্রমণ চীন সমর্থন করে না। তিনি আরও বলেন, বেসামরিক স্থাপনা ও নিরপরাধ সাধারণ মানুষের ওপর চালানো যেকোনো হামলার নিন্দা জানায় বেইজিং। ওয়াং ই-র মতে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বৈধতা ও আইনি ভিত্তি হারিয়েছে এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা কেবল অর্থহীন প্রাণহানিই বাড়াবে। ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বর্তমান সংকটে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এই সংকট নিরসনে চীনের প্রচেষ্টার প্রশংসা করেন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চীনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। জবাবে ওয়াং ই বলেন, পাকিস্তান ও চীন সব সময়ের কৌশলগত অংশীদার। আন্তর্জাতিক ও আঞ্চলিক বড় বিষয়গুলোতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রতি সমর্থন জানান। আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের বিষয়টিও উঠে আসে। চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগান বিষয়ক চীনের বিশেষ দূত উভয় দেশের মধ্যে সংলাপ ও সমঝোতা তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা প্রশমন ও দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসাই সবচেয়ে জরুরি বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, পাকিস্তানে চীনা নাগরিক ও প্রকল্পগুলোর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ওয়াং ই। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের প্রচেষ্টার প্রতি চীন দৃঢ় সমর্থন ব্যক্ত করে এবং পাকিস্তানে থাকা চীনা কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। তথ্য ও ছবি: সিসিটিভি।

image : ইরান সংকটে জোর চীন-পাকিস্তানের | credit : সিসিটিভি
মন্তব্য:০