২৬ জুন, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি| |ক্রেডিট : ইন্টারনেট
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা নিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তেহরান বছরে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায়ের আশা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজগুলোকে নিরাপত্তা সুরক্ষার বিনিময়ে নির্ধারিত টোল দিতে হবে। বিষয়টি নিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছে তেহরান এবং টোল থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ এসব দেশকে দেওয়ার প্রস্তাবও দিয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের বিধিনিষেধ বা অতিরিক্ত ব্যয় আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এরপর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয় এবং বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হয়। ইরানের দাবি, হরমুজ প্রণালির অংশবিশেষ তাদের জলসীমার আওতায় হওয়ায় এই পথ ব্যবহারের জন্য বিদেশি জাহাজের কাছ থেকে টোল নেওয়ার অধিকার তাদের রয়েছে। এ লক্ষ্যে মার্চ মাসে দেশটির পার্লামেন্টে একটি আইনও পাস করা হয়। তবে যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই অবস্থানের বিরোধিতা করে আসছে। ওয়াশিংটন এর প্রতিক্রিয়ায় ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে এবং আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতার প্রশ্নে কঠোর অবস্থান নেয়। সম্প্রতি ওমান সফরে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, হরমুজ প্রণালির পরিচালনা ব্যবস্থা আর আগের অবস্থায় ফিরে যাবে না। তার এ বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কড়া প্রতিক্রিয়া জানান। বাহরাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আন্তর্জাতিক জলপথে টোল আরোপের অধিকার কোনো দেশের নেই। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে যেকোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে টোল আদায়ের বিষয়টি যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। রুবিওর মতে, আন্তর্জাতিক জলপথে টোল আরোপের নজির তৈরি হলে বৈশ্বিক নৌবাণিজ্য ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং বিভিন্ন দেশ একই ধরনের দাবি উত্থাপন করতে পারে। এদিকে সাম্প্রতিক সমঝোতার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবারও বাড়তে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার একদিনেই অন্তত ৭০টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করেছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও এনডিটিভি।
মন্তব্য:০