৩ মে, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:হরমুজ প্রণালি| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে মার্কিন এসকর্ট মিশনের সম্ভাবনা বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক কেনেথ কাটজম্যান এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে কৌশলগত উপায়ে ইরানের ওপর চাপ বজায় রাখতে চাইছেন। এর অংশ হিসেবে আটকে পড়া বাণিজ্যিক ট্যাংকারগুলোকে মার্কিন নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালি পার করানোর পরিকল্পনা সামনে এসেছে। কাটজম্যানের ভাষ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে উত্তেজনা কমানোর কোনো উদ্যোগ না এলে যুক্তরাষ্ট্র এ ধরনের মিশনে এগোতে পারে। এতে উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্ররা স্বস্তি পাবে এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহও কিছুটা স্থিতিশীল থাকবে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি এই মিশনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী সংকট ইরানের জন্য অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিকর হতে পারে। কারণ দেশটির অর্থনীতি বহুলাংশে সমুদ্রপথে জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল। ফলে তেল উৎপাদন ও রপ্তানি ব্যাহত হলে সাধারণ মানুষের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। সূত্র: আল-জাজিরা
মন্তব্য:০