১৩ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনা| |ক্রেডিট : ইন্টারনেট
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইটে আরোপিত কর ও বিভিন্ন চার্জ কমানোর বিষয়ে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া। বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রতি বছর বিপুলসংখ্যক বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যান। সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে হজযাত্রীদের সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি এ বিষয়ে সৌদি সরকারের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। বৈঠকে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি-ডি সুবিধা না থাকায় প্রত্যেক যাত্রীর আবাসন ব্যয় বেড়ে গেছে। তিনি ক্যাটেগরি-ডি পুনর্বহালের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া বলেন, সৌদি সরকার বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বিমান পরিবহন, পর্যটন ও হজ ব্যবস্থাপনা খাতে যৌথ উদ্যোগ এবং সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
মন্তব্য:০