২১ জুন, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী| |ক্রেডিট : ইন্টারনেট
দক্ষিণ ও পূর্ব লেবাননে শনিবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্থানীয় সূত্র ও জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় সামরিক অভিযান চালানো হয়েছে। আইডিএফের এক কর্মকর্তা বলেন, সরকার যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশনা অনুযায়ী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের পর রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে সংঘাত নিয়ন্ত্রণে রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলের উপস্থিতি অব্যাহত থাকবে। তিনি বলেন, হিজবুল্লাহর যেকোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে এবং ইসরায়েলি বাহিনীর জন্য হুমকিস্বরূপ যেকোনো অবস্থান ধ্বংস করা হবে। ইসরায়েলের দাবি অনুযায়ী, গত দুই দিনে তারা প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং এতে প্রায় ১০০ জন নিহত হয়েছে। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
মন্তব্য:০