২০ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:হামের সংক্রমণ কমছে না| |ক্রেডিট : ইন্টারনেট
হামের সংক্রমণ কমছে না, একদিনে উপসর্গ শনাক্ত ৯৩৮ শিশুর নিজস্ব প্রতিবেদক: দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। নতুন করে আরও ৯৩৮ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ১১৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে রোগটি নিশ্চিত হয়েছে। রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৯৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। ফলে দেশে হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৮৮। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে দেশের বিভিন্ন এলাকায় আরও ৯৩৮ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় আরও ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ৪৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬ হাজার ৫২১ জন। সংস্থাটি শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।
মন্তব্য:০