৫ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:ফাইল ছবি| |ক্রেডিট : ইন্টারনেট
হামের টিকা সংগ্রহ ও সরবরাহে অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন শরীয়তপুরের বাসিন্দা সিরাজুল ইসলাম, যার নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায় বলে দাবি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত আবেদনকারীর জবানবন্দি গ্রহণ করেছেন। আবেদনটির বিষয়ে আদালতের আদেশ অপেক্ষমাণ রয়েছে। মামলার আবেদনে মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগমের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার অনুরোধ জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে শিশুটি জ্বরে আক্রান্ত হওয়ার পর প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২২ মার্চ তাকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। আবেদনকারীর অভিযোগ, ওই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলা ছিল। শিশুটির মাকে নিজ হাতে অক্সিজেন দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তিনি তা করতে না পারলে পরে একজন পরিচ্ছন্নতাকর্মী অক্সিজেন সংযোগ দেন। এর কিছু সময় পর শিশুটির মৃত্যু হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া আবেদনে দাবি করা হয়েছে, সময়মতো হামের টিকা সংগ্রহ না করা, টিকা সরবরাহে ব্যর্থতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে দেশে শত শত শিশুর প্রাণহানি ঘটেছে। আবেদনকারীর মতে, এ ঘটনায় বিবাদীদের দায় রয়েছে। উল্লেখ্য, এর আগেও একই ধরনের অভিযোগে মুহাম্মদ ইউনূস ও অন্যদের বিরুদ্ধে ঢাকার আদালতে একাধিক মামলার আবেদন করা হলেও সেগুলো খারিজ করা হয়েছিল। সূত্র: আদালত-সংশ্লিষ্ট তথ্য ও বাদীপক্ষের আইনজীবী।
মন্তব্য:০