২১ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৯০০| |ক্রেডিট : ইন্টারনেট
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৯২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় দুই শিশু এবং সিলেট বিভাগে একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মৃতদের মধ্যে সরাসরি হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। আর হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮২৬ জন। একই সময়ে দেশে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ৪ জনের মধ্যে নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ১৪৪ জনের। এদিকে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক প্রতিবেদনে নতুন রোগী, উপসর্গ এবং মৃত্যুর তথ্য নিয়মিতভাবে উঠে আসছে। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য:০