শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৯ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:হামের প্রতিকি ছবি| |ক্রেডিট : ইন্টারনেট

হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু ও প্রায় হাজার আক্রান্ত

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৬ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া এ সময়ে ১২৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ৮১৮ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া নতুন হাম রোগীর সংখ্যা ১২৮ জন। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৪১৯ জন। মৃত্যুর তথ্যেও উদ্বেগের চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৫৪ জনে পৌঁছেছে। তবে স্বস্তির বিষয় হলো, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে হামের সংক্রমণ ও মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।





মন্তব্য