২৪ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা শুক্রবার (২৪ জুলাই) রাজধানীতে উৎসবমুখর পরিবেশে।| |ক্রেডিট : ইন্টারনেট
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা শুক্রবার (২৪ জুলাই) রাজধানীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ইসকন স্বামীবাগ আশ্রম পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো ভক্ত অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংকীর্তন, সাংস্কৃতিক পরিবেশনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ বছরের রথযাত্রা উৎসব। সনাতন ধর্মীয় বিশ্বাসে জগন্নাথদেব জগতের অধীশ্বর। তার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে প্রতিবছর রথে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করে রথযাত্রা ও উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। উল্টো রথযাত্রা উপলক্ষে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আয়োজন। কর্মসূচির মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্রী যজ্ঞ, গীতা পাঠ, ভাগবত আলোচনা, আলোচনা সভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ। ইসকন বাংলাদেশের আয়োজনে দুপুর ৩টায় শুরু হওয়া শোভাযাত্রাটি রাজধানীর পলাশী মোড়, জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, কার্জন হল, হাইকোর্ট, জাতীয় প্রেস ক্লাব, মতিঝিল, শাপলা চত্বর, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও দয়াগঞ্জসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাজুড়ে খোল-করতালের সুর, ভজন-কীর্তন ও হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে চারপাশ। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবের রূপ নেয়। বহু দর্শনার্থী রথে ফুল নিবেদন করেন এবং ধর্মীয় প্রার্থনায় অংশ নেন। এছাড়া দিনব্যাপী শিশুদের প্রতিযোগিতা, নাট্য পরিবেশনা, ভজন-কীর্তন, ধর্মীয় আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সূত্র: ইসকন বাংলাদেশ ও সংশ্লিষ্ট আয়োজকরা।
মন্তব্য:০