২৩ সেপ্টেম্বর, ২০২৬
অস্ট্রেলিয়া › আন্তর্জাতিক:

চিত্র:জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।| |ক্রেডিট : ইন্টারনেট
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ইউএনজিএর ৮১তম অধিবেশনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিউইয়র্কে আসা রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এ প্রাতরাশের আয়োজন করেন। প্রাতরাশে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রয়েছে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের স্ত্রীদের সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের। নিউইয়র্ক সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ। আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তাঁর প্রথম ভাষণ।
মন্তব্য:০