শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৭ জুন, ২০২৬

মতামত › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

গুমের শিকার পরিবারকে বিশেষ ভাতা দিতে চায় সরকার, বিচার প্রক্রিয়া চলবে: মন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর আর্থিক ও সামাজিক দুর্ভোগ বিবেচনায় সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে চলতি অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় প্রস্তাব উপস্থাপন করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনের আওতায় বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। সংলাপে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা তাদের দীর্ঘদিনের কষ্ট, অনিশ্চয়তা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন সময় অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার। তিনি গুম-সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য একটি সংসদীয় কমিটি গঠন এবং জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।





মন্তব্য