৬ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বুধবার (৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘উৎসব-২০২৬’| |ক্রেডিট : ইন্টারনেট
আবৃত্তি, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মধ্যে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা এবং বৈষম্যহীন সমাজ গঠনের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, একটি সুন্দর, মানবিক, গণতান্ত্রিক ও রক্তপাতহীন সমাজ প্রতিষ্ঠায় সংস্কৃতিচর্চার অবদান অপরিসীম। বুধবার (৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘উৎসব-২০২৬’-এর অংশ হিসেবে ‘স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং গত ১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদেরও স্মরণ করেন। তিনি বলেন, তাদের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের যৌক্তিক পরিণতি ছিল জুলাই গণঅভ্যুত্থান। তিনি বলেন, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দিতে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মাধ্যমে সেই চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। মো. আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে আবৃত্তিচর্চা দেশের শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে দেশের শিল্প-সংস্কৃতির স্বীকৃত একটি শাখা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা কবিতা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। আইনমন্ত্রী বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করে বলেন, সংগঠনটির ইতিবাচক উদ্যোগে ভবিষ্যতেও তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, শিরিন সুলতানা, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বক্তব্য দেন। আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সূত্র: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
মন্তব্য:০