২৫ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:গবেষণায় নতুনত্ব ও মৌলিকত্ব আনার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
দেশের কৃষি ও মৎস্যখাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে বিজ্ঞানীদের গবেষণায় নতুনত্ব ও মৌলিকত্ব আনার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে পুষ্টিমান, জনস্বাস্থ্য এবং খাদ্যের গুণগত মানকে কেন্দ্র করে গবেষণা জোরদার করতে হবে। বুধবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, কৃষি ও মৎস্যখাত দেশের অর্থনীতি এবং খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি। এ দুই খাতের টেকসই উন্নয়নের জন্য গবেষণাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন এবং তা মাঠপর্যায়ে প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। মন্ত্রী গবেষণার ফল আন্তর্জাতিকভাবে স্বীকৃত করতে পেটেন্ট গ্রহণের ওপর জোর দেন। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে যুগোপযোগী প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। খাদ্য নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপদ খাদ্য উৎপাদন। আন্তর্জাতিক মান বজায় রেখে মাছের খাদ্য ও উৎপাদন উপকরণ প্রস্তুত করতে পারলে দেশের মৎস্যখাত আরও শক্তিশালী হবে। মৎস্যচাষে বিদ্যুতের ব্যয় কমানোর বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, ভর্তুকিমূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে। পরিদর্শনকালে মন্ত্রী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন হ্যাচারি ও খাঁচাভিত্তিক মাছ চাষ কার্যক্রম ঘুরে দেখেন এবং গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
মন্তব্য:০