৮ সেপ্টেম্বর, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:RAB| |ক্রেডিট : ইন্টারনেট
RAB- বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগে প্রয়োজনীয় সংশোধন আনার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। পরে সংসদ সচিবালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে এসআরবি বিলের বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্যরা দীর্ঘ পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধনসহ বিলটি সংসদে উপস্থাপনের বিষয়ে একমত হন। আলোচনায় RAB-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতীত কার্যক্রমের বিষয়টিও উঠে আসে। সদস্যরা বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপব্যবহার করা হয়েছে। তবে এ ধরনের অপব্যবহারের কারণে পুরো বাহিনী বিলুপ্ত করাকে তারা যথাযথ সমাধান হিসেবে দেখছেন না। কমিটি মনে করে, RAB দক্ষ জনবল, বিদ্যমান অবকাঠামো এবং মূল্যবান সরঞ্জাম দেশের স্বার্থে যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন। পাশাপাশি নতুন বা পুনর্গঠিত বাহিনীতে পেশাদারিত্ব নিশ্চিত করতে উন্নত প্রশিক্ষণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার কার্যকর ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে সাম্প্রতিক বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন কমিটির সদস্যরা। দায়িত্বশীলতা ও সহযোগিতার জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানানো হয়। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামসহ কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সেবা সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সূত্র: সংসদ সচিবালয়ের প্রেস উইং
মন্তব্য:০