২০ ফেব্রুয়ারি, ২০২৬
স্বদেশ › সংস্কৃতি

চিত্র:প্রধানমন্ত্রী তারেক রহমান।| |ক্রেডিট : প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একুশের চেতনার মধ্য দিয়েই দেশের গণতন্ত্র আজ নতুন করে বিকশিত হয়েছে। তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠার প্রেরণার উৎস, যার ধারাবাহিকতায় আজ দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে। শুক্রবার প্রকাশিত বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সব ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়ে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁর ভাষায়, “বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই মাতৃভাষা বাংলার মর্যাদা সুরক্ষিত হয়েছে, আর সেই পথ ধরেই বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি হয়।” তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির রক্তাক্ত ইতিহাস পূর্ব বাংলার মানুষের মুক্তির প্রথম সোপান তৈরি করে দেয়। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার চেতনা, সাংস্কৃতিক পরিচয় ও গণতান্ত্রিক সংগ্রামকে আরও দৃঢ় ভিত্তি দেয়, যার চূড়ান্ত পরিণতি বাংলাদেশের স্বাধীনতা। বাংলাকে বাঙালির আত্মপরিচয়ের প্রধান বাহন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানাতেই ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, ভাষা শহীদ এবং বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের লক্ষ্য পূরণ করতেই সরকার একটি মানবিক, নিরাপদ ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে কাজ করছে। দিবসটি উপলক্ষে ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি লালন এবং সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বাণীর শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
মন্তব্য:০