১৩ মে, ২০২৬
স্বদেশ › উন্নয়ন প্রকল্প

চিত্র:বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট অনুমোদন| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২০৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় করা হবে। সভায় তিনটি নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত প্রকল্প এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি অনুমোদন করা হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ‘পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)’ প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু সহনশীলতা ও কৃষি উৎপাদন ব্যবস্থায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। এছাড়া চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘চট্টগ্রাম সিটি আউটার রিং রোড’ প্রকল্পের পঞ্চম সংশোধন অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও পাস হয়। স্বাস্থ্য খাতে জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোকে ৩০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস নির্মাণ প্রকল্পের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। প্রযুক্তি খাতে ‘হাই-টেক সিটি-২’ প্রকল্পে অবকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও প্রতিরক্ষা খাতে পাইপলাইন নির্মাণ ও সেনা আবাসন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
মন্তব্য:০