৪ জুলাই, ২০২৬
মতামত › স্বদেশ

চিত্র:নতুন পে-স্কেল| |ক্রেডিট : ইন্টারনেট
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ধাপে ধাপে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনৈতিক চাপ ও সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় প্রথম ধাপে কেবল কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানো হবে। অন্যান্য ভাতা ও সুবিধা পরবর্তী পর্যায়ে কার্যকর করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেল সংক্রান্ত চূড়ান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে প্রকাশের সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রস্তাবিত কাঠামো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চূড়ান্ত পর্যালোচনার কাজ চলছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সম্প্রতি বিবিসি বাংলাকে বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবেই নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতায় একসঙ্গে সব সুবিধা চালু করা সম্ভব নয়। সে কারণে প্রথম ধাপে শুধু মূল বেতন বৃদ্ধি করা হবে। কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বৃদ্ধি পাবে, সে বিষয়ে গেজেট প্রকাশের আগে তিনি বিস্তারিত মন্তব্য করেননি। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেল চালুর ঘোষণা দেন। তিনি জানান, প্রায় এক যুগ ধরে একই বেতন কাঠামো কার্যকর থাকায় এবং মূল্যস্ফীতির প্রভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পে-স্কেল প্রণয়ন করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০টি গ্রেড অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন এক লাখ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেডের বেতন যথাক্রমে এক লাখ ৩২ হাজার, এক লাখ ১৩ হাজার, এক লাখ ও ৮৬ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম গ্রেডের জন্য ৭১ হাজার, ৫৮ হাজার, ৪৭ হাজার ২০০, ৪৫ হাজার ১০০ এবং ৩২ হাজার টাকা মূল বেতন নির্ধারণের সুপারিশ রয়েছে। ১১তম থেকে ১৫তম গ্রেডে যথাক্রমে ২৫ হাজার, ২৪ হাজার ৩০০, ২৪ হাজার, ২৩ হাজার ৫০০ ও ২২ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী, ১৬তম থেকে ২০তম গ্রেডের মূল বেতন যথাক্রমে ২১ হাজার ৯০০, ২১ হাজার ৪০০, ২১ হাজার, ২০ হাজার ৫০০ এবং ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। গেজেট প্রকাশের পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য:০