১৫ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:সোমবার বুয়েটে অনুষ্ঠিত ‘সেমিনার অন এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এআই ইরা’ শীর্ষক অনুষ্ঠান| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। সোমবার বুয়েটে অনুষ্ঠিত ‘সেমিনার অন এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এআই ইরা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে তথ্য বিশ্লেষণ, জ্ঞান ব্যবস্থাপনা এবং বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ প্রযুক্তিকে মানবসম্পদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী শক্তি হিসেবে কাজে লাগানো প্রয়োজন। তিনি শিক্ষা ও গবেষণায় এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের নতুন উদ্ভাবন ও গবেষণামুখী উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অধ্যাপক ড. রফিকুল গণি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মন্তব্য:০