১৬ সেপ্টেম্বর, ২০২৫
স্বদেশ › দুর্গাপূজা,ইলিশ,ভারতে ইলিশ রফতানি,

চিত্র:ইলিশ রফতানি| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ
বেনাপোল, ১৭ সেপ্টেম্বর ২০২৫ – আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবছর ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে ১,২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরইমধ্যে ইলিশ পাঠানো শুরু হয়েছে, যার প্রথম চালানে প্রায় ৩৭ হাজার ৪৬০ কেজি (সাড়ে ৩৭ টন) ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছয়টি প্রতিষ্ঠান এই ইলিশ রফতানি করে। রফতানিকারকরা জানিয়েছেন, প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় ১,৫২৫ টাকা। মৎস্য অধিদফতর ৫ অক্টোবরের মধ্যে এই রফতানি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এদিকে, ভারতে ইলিশ রফতানির খবরে দেশের স্থানীয় বাজারে এর দাম বাড়তে শুরু করেছে। সাধারণ ক্রেতারা বলছেন, এক মাস আগেও প্রতি কেজি ইলিশের দাম ১,৪০০ থেকে ১,৫০০ টাকা থাকলেও, এখন তা বেড়ে ২,২০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। একজন ক্রেতা রহমত ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারতে যাচ্ছে ১,৫০০ টাকা দরে, আর দেশের মানুষ কিনতে গেলে বেশি।" তবে ইলিশ বিক্রেতা শহিদ জানান, বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে এবং রফতানির কারণেও কিছুটা প্রভাব পড়েছে। রফতানিকারকরা বলছেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। গত বছর রফতানির অনুমতি থাকলেও, বেনাপোল বন্দর দিয়ে মাত্র ৫৩২ টন মাছ রফতানি হয়েছিল।
মন্তব্য:০