১৮ এপ্রিল, ২০২৬
স্বদেশ › অর্থনীতি

চিত্র:প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন দাবি করেছেন, ১৮০ দিনের কর্মপরিকল্পনার প্রথম দুই মাসেই সরকার নানা ক্ষেত্রে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছে। তাঁর ভাষায়, এটি গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির একটি বিস্তারিত তালিকাও উপস্থাপন করা হয়। উপস্থাপিত তথ্য অনুযায়ী, সামাজিক সুরক্ষা খাতে নতুন কার্ডভিত্তিক সহায়তা ব্যবস্থা চালু, কৃষি খাতে ঋণ সহায়তা ও সুবিধা সম্প্রসারণ, এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভর্তুকি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে শ্রমবাজার, প্রবাসী কল্যাণ, জ্বালানি ব্যবস্থাপনা ও বিনিয়োগ সহজীকরণে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়। অর্থনৈতিক পরিকল্পনায় ২০৩০ ও ২০৩৪ সালকে লক্ষ্য রেখে প্রবৃদ্ধি বৃদ্ধি, শিল্প পুনরুদ্ধার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নির্ধারণের কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার এবং অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, নদী খনন, উপকূল রক্ষা এবং পরিবেশগত উদ্যোগকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও নতুন উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য:০