শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৯ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:'দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ’ (Skills for a Shared Future) প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) রাজধানীতে আলোচনা সভা| |ক্রেডিট : ইন্টারনেট

দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ: বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে এনএসডিএর বর্ণাঢ্য আয়োজন

‘দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ’ (Skills for a Shared Future) প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে সরকারের নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, শিল্পখাতের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, তরুণ-যুবক ও বিভিন্ন অংশীজন অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুর রহমান। সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, প্রশিক্ষণার্থী, অ্যাসেসর, শিল্পখাতের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক তরুণ-যুবক অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তিনি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে যুগোপযোগী করার পাশাপাশি নতুন শ্রমবাজার অনুসন্ধান, আন্তর্জাতিক মানের দক্ষতা সনদ প্রদান, রিস্কিলিং ও আপস্কিলিং এবং নারীর কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সরকার ‘ইনভেস্ট বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণ, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যে আরও এগিয়ে যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, কম খরচে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি নতুন শ্রমবাজারে প্রবেশ, উদ্যোক্তা তৈরি, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগ এবং কার্যকর প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার মাধ্যমে দেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সভাপতির বক্তব্যে এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী জানান, সরকারি ও বেসরকারি খাতের চাহিদা অনুযায়ী নতুন দক্ষতার মানদণ্ড ও কারিকুলাম প্রণয়ন, প্রশিক্ষক ও অ্যাসেসরদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজার উপযোগী ভাষা ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, এনএসডিএর নিবন্ধিত ৭৮৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জাতীয় দক্ষতা সনদধারীদের মধ্যে ৭৪ শতাংশ কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানে যুক্ত হয়েছেন এবং ৮.৩ শতাংশ বিশ্বের ৭২টি দেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আলোচনা সভায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর ও সবুজ অর্থনীতির যুগে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, সৃজনশীলতা, সমস্যা সমাধান, অভিযোজন ক্ষমতা এবং আজীবন শেখার মানসিকতা গড়ে তোলা জরুরি। এ জন্য সরকার, শিল্পখাত, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উল্লেখ্য, জাতিসংঘের ঘোষণায় প্রতি বছর ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে এনএসডিএ চলতি বছর ১৫ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি শুরু করে। এর ধারাবাহিকতায় ২৮ জুলাই র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের যুবসমাজকে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।





মন্তব্য