৬ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:সজীব ওয়াজেদ জয় ।| |ক্রেডিট : ইন্টারনেট
বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, বাংলাদেশ একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি আঞ্চলিক জঙ্গিবাদের নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে পারে। বুধবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভার্চুয়ালি দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ কয়েকটি বিদেশি সংস্থা বর্তমানে বাংলাদেশে সক্রিয় রয়েছে। তিনি বলেন, ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত অনেক জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। তার দাবি, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর প্রকাশ্যে কর্মসূচি পালন করছে এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযুক্ত ব্যক্তিদেরও জনসভায় বক্তব্য দিতে দেখা যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জয় বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং পরবর্তীতে বিএনপি সরকারের অনুমোদিত দায়মুক্তি আইনের কারণে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের বহু নেতা-কর্মী ও সাংবাদিককে বিনা বিচারে আটক রাখা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা হচ্ছে না। এদিকে, জয়ের এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: এনডিটিভি।
মন্তব্য:০