২৯ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ বিরোধীদলীয় এমপির জন্য বিশেষ বরাদ্দ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
দেশের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করতে বিরোধীদলীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় এ বরাদ্দ প্রদান করা হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তর করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের প্রত্যেকের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান সরকারের পক্ষে বরাদ্দপত্র গ্রহণ করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বিশেষ বরাদ্দ দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতেও এটি সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন। সূত্র: স্থানীয় সরকার বিভাগ।
মন্তব্য:০